শৃগাল ও দ্রাক্ষাফল
একদা, এক শৃগাল, দ্রাক্ষাক্ষেত্রে প্রবেশ করিল। দ্রাক্ষাফল অতি মধুর। সুপক্ব ফলসকল দেখিয়া ঐ ফল খাইবার নিমিত্ত, শৃগালের অতিশয় লোভ জন্মিল। কিন্তু সকল অতি উচ্চে ঝুলিতেছিল; সুতরাং, ঐ ফল পাওয়া, শৃগালের পক্ষে সহজ নহে। লোভের বশীভূত হইয়া, ফল পাড়িবার নিমিত্ত শৃগাল যথেষ্ট চেষ্টা করিল; কিন্তু কোনও ক্রমে কৃতকার্য্য হইতে পারিল না। অবশেষে, ফলপ্রাপ্তির বিষয়ে, নিতান্ত নিরাশ হইয়া, এই বলিতে বলিতে চলিয়া গেল, দ্রাক্ষাফল অতি বিস্বাদ ও অম্লরসে পরিপূর্ণ।
—-
দ্রাক্ষাফল—আঙ্গুরফল।
মধুর—সুস্বাদু, মিষ্ট।
উচ্চে—উর্দ্ধে, উপরে।
বশীভূত—অধীন, আয়ত্ত।
কৃতকাৰ্য্য—সফলকাম।
একদা—এক সময়ে, একদিন।
সুপক্ক—বেশ পাকা।
পক্ষে—বিষয়ে।
যথেষ্ট—অত্যন্ত, বিস্তর।
অবশেষে—শেষকালে, অনন্তর।
নিতান্ত—অত্যন্ত, অতিশয়।
নিরাশ—আশাশুঙ্গ, হতাশ।
বিস্বাদ—যাহার স্বাদ মন্দ, বিরস।
অম্ল বসে পরিপূর্ণ—অর্থাৎ টক্।
পরবর্তী পাঠের সুপারিশ
"কথামালা" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
কথামালা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর